ফেনীতে জহির রায়হান স্মরণোৎসব
চলচ্চিত্রনির্মাতা, লেখক-সাংবাদিক শহীদ জহির রায়হান স্মরণোৎসব গতকাল সোমবার ফেনীতে পালিত হয়েছে। শহরের মিজান রোডে শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে আয়োজিত স্মরণোৎসবে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
‘জহির রায়হান মঞ্চের’ আহ্বায়ক বখতেয়ার মুন্নার সভাপতিত্বে ও সদস্যসচিব আসাদুজ্জামান দারার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিন, ফেনী চেম্বারের সভাপতি আইনুল কবির, মুক্তিযোদ্ধা আবু তাহের, নাট্যসংগঠক নারায়ণ নাগ।
অনুষ্ঠানে বক্তব্য দেন উৎসবের সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক কবি ইকবাল চৌধুরী, জেলা সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা এস এম টি কামরান হাসান, নাট্যনির্দেশক নাসির উদ্দিন, উদীচীর সংগঠক মহিবুল হক চৌধুরী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, জহির রায়হানের মতো দেশবরেণ্য ব্যক্তিদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে এ ধরনের উৎসবের আয়োজন করা উচিত। আগামী বছর আরও বড় পরিসরে এ উৎসব পালন করা হবে। এ ব্যাপারে জেলা প্রশাসন থেকে সব রকম সহায়তা করা হবে। তিনি বলেন, ফেনীর সন্তান জহির রায়হানের নামে শহীদ জহির রায়হান মিলনায়তন পুনর্নির্মাণে তাঁর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
ফেনীর সংস্কৃতিকর্মীরা বলেন, জহির রায়হান মিলনায়তন ২০০৭ সালে আধুনিকায়নের নামে ভেঙে ফেলা হয়। পরে আর মিলনায়তনটি পুনর্নির্মাণ করা হয়নি। এর ফলে ফেনীর সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেকটাই স্থবির হয়ে পড়ে। মিলনায়তনটি পুনর্নির্মাণের দাবিতে কয়েক বছর ধরে সংস্কৃতিকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলন করে আসছেন।