ফেনীতে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ
যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত সম্পন্ন করা এবং দেশব্যাপী জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নৈরাজ্যের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে ফেনীতে যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।ফেনী জেলা যুবলীগের উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ও জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল গতকাল শহরের কলেজ রোডের ফেনী পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে ট্রাংক রোডে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশে জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, পৌর আওয়ামী লীগের সম্পাদক আইনুল কবির, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুশেন চন্দ্র শীল প্রমুখ।