ফেনীতে জামায়াত-শিবিরের ২৪ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে মসজিদে গোপন সভা করার সময় গতকাল শুক্রবার জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ২৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী জানান, গোপন সভা করার জন্য গতকাল সকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের মধ্যম চর কালীদাস গ্রামের জামে মসজিদে জড়ো হন। এলাকার লোকজন টের পেয়ে বিষয়টি স্থানীয় বোগদাদিয়া পুলিশ ক্যাম্পে জানান। পরে ক্যাম্পের পুলিশ সেখানে গিয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সভা করতে দেখে। এ সময় পুলিশ মসজিদের সামনে অবস্থান নেয় ও ফেনী থেকে অতিরিক্ত পুলিশ পাঠানোর অনুরোধ জানায়। পরে ফেনী থেকে অতিরিক্ত পুলিশ সেখানে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াত-শিবিরের ২৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী সদর থানা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম (৩৫), ফরহাদ নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মুসা (৪৮) এবং মো. ইউছুফ (৬২), নুরুল আলম সরকার (৩২), তাজুল ইসলাম মুন্সি (৬৫), জাহাঙ্গীর আলম (৩৮), মো. হারুনুর রশিদ (৩১), মো. ইউছুফ (৩৫), আলাউদ্দিন (৩৫), জসিম উদ্দিন (৩৬), মহিউদ্দিন (৩০), মোসলেহ উদ্দিন (৪৫), নুরুল আবছার (৫০), মো. নুরুজ্জমান (৩২), রুহুল আমিন (৫৫), মো. মহিউদ্দিন (৪৮), মো. শাহীন আলম (৩২), মো. গিয়াস উদ্দিন (৪৬), মো. শাহজাহান (৩৮), মো. ওসমান গণি (২৫), মো. ইসমাইল হোসেন (২৫), মো. হানিফ (৪০), সাখাওয়াত হোসেন (৬০) ও মো. সিরাজ উদ্দিন (২৯)।জেলা জামায়াতের সেক্রেটারি এ কে এম সামছুদ্দিন বলেন, তাঁরা মসজিদে বসে ধর্মীয় কথাবার্তা বলছিলেন। জামায়াত-শিবির সভা করছে—আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা পুলিশকে এ ধরনের ভুল তথ্য দিয়ে তাঁদের আটক করায়।বোগদাদিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।