ফেনীতে জামায়াতের মিছিল, ধাওয়া-গুলি আহত ৪, আটক ২
ফেনীতে গতকাল রোববার দুপুরে জামায়াতের মিছিলে পুলিশের ধাওয়া, গুলি এবং মিছিল থেকে পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ কনস্টেবলসহ চারজন আহত হয়েছেন। এ সময় পুলিশ শিবিরের দুই কর্মীকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে গতকাল রোববার দুপুরে শহরের ট্রাংক রোডে জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের করে। মিছিলটি শহরের ট্রাংক রোডের খেজুর চত্বর থেকে বড় মসজিদের দিকে যাওয়ার খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে।
এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা প্রথমে ছত্রভঙ্গ হয়ে যান এবং একপর্যায়ে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশ তখন পাঁচটি শটগানের গুলি ও একটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের পুনরায় ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আরিফ বিন জাহিদ (২২) ও মোহামঞ্চদ বাপ্পি (১৮) নামে শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শিবিরের কর্মীদের ইটপাটকেলের আঘাতে এক পুলিশ কনস্টেবল পিন্টু দেসহ (৩২) চারজন আহত হন।
ফেনী মডেল থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন পাঁচটি শটগানের গুলি ও একটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন এবং শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।