ফেনীতে জিনের বাদশা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণা করে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে রাতারাতি ধন-সম্পদ পাইয়ে দেওয়ার লোভ দেখানো জিনের বাদশা পরিচয়দানকারী বাবুল হোসেন খান (৪০) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ফেনী ক্যাম্পের সদস্যরা। বাবুল হোসেন যশোর জেলার অভয়নগন উপজেলার রাজঘাট এলাকার মৃত হাবিবুর রহমান খানের ছেলে। র‌্যাব ও পারিবারিক সূত্র জানায়, ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের গীতাবাড়িয়া গ্রামের আবুধাবিতে কর্মরত ঠিকাদার আবুল কালাম আজাদের মোবাইল ফোনের মাধ্যমে কয়েক মাস আগে তাঁকে তাঁর কর্মস্থলে ফোন করে। প্রতারক বাবুল নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে নানা প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। গত কয়েক মাস বাড়িতে টাকা পাঠানো বন্ধ থাকায় পরিবারের সদস্যদের মধ্যে নানা ধরনের সন্দেহ হয়। গত কয়েক দিন আগে প্রবাসী আজাদ আবুধাবি থেকে তাঁর বাড়িতে টেলিফোন করে জানান, এক ব্যক্তি বাড়ি গিয়ে কয়েকটি আংটি ও পাথর দিয়ে যাবেন। সেগুলো যেন সবাই ব্যবহার করে। এদিকে নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে গাজী মামা, নওয়াপাড়া, যশোর—এ ঠিকানা থেকে ফোন করে কীভাবে আজাদের বাড়িতে যেতে হবে সে পথঘাটও জেনে নেওয়া হয়। একসময় আজাদের ছেলে আকবর হোসেন ও আজাদের ভাইয়ের সেলিম মিয়ার সন্দেহ হয়। তাঁরা বিষয়টি ফেনী র‌্যাব ক্যাম্পকে অবহিত করেন। গতকাল শুক্রবার সকালে একটি খামের মধ্যে ১২টি পিতলের আংটি ও ছয়টি পাথর একটি খামের মধ্যে রেখে ওপরে ঠিকানা লিখে নিয়ে যান এক ব্যক্তি। র‌্যাব সদস্যরা তাঁকে আটকের পর তিনি নিজেকে কুরিয়ার সার্ভিসের লোক দাবি করেন। পরে জানা যায়, তিনি যশোর থেকে রাতের বাসে ফেনী পৌঁছে ওই বাড়িতে যান। একপর্যায়ে প্রতারক বাবুল স্বীকার করেন, আবুধাবিতে আবুল কালাম আজাদের ব্যক্তিগত গাড়িচালক লাভলু তাঁর ভাই। ভাইয়ের মাধ্যমে সে ফোন নম্বর সংগ্রহ করে নানা প্রলোভনে প্রবাস থেকেই টাকা হাতিয়ে নেন। এ চক্রের অপর দুই সদস্য সালাম ও গোফরানকে র‌্যাব খুঁজছে। এ ঘটনায় ফেনী থানায় একটি মামলা হয়েছে। প্রতারক বাবুল হোসেনকে ফেনী থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।