ফেনীতে জেলা ছাত্রদলের পাল্টা কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল রোববার জেলা ছাত্রদলের পাল্টা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রঘোষিত তিন সদস্যের কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে সংগঠনটির একাংশের নেতা-কর্মীরা গতকাল কর্মী সমাবেশের মাধ্যমে পাল্টা কমিটি গঠন করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ৪ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী নঈম উল্লা চৌধুরীকে সভাপতি, এস এম কায়সারকে জ্যেষ্ঠ সহসভাপতি ও সালাউদ্দিন ওরফে মামুনকে সাধারণ সম্পাদক করে তিন সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রঘোষিত ওই কমিটিকে অবৈধ আখ্যায়িত করে গতকাল ছয় সদস্যের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে সভাপতি মেজবাহ উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোরশেদ উল্লাহ ও প্রচার সম্পাদক ফরহাদ উদ্দিন চৌধুরী।
গতকাল শহরের মিজান রোডের একটি গণমিলনায়তনে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমান উদ্দিন কায়সারের সভাপতিত্বে কর্মী সমাবেশ হয়। এদিকে গতকাল গঠিত কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে কেন্দ্রঘোষিত জেলা সভাপতি নঈম উল্লা চৌধুরী বলেন, এটি সম্পূর্ণ অগঠনতান্ত্রিক।