ফেনীতে টাউন সার্ভিস বাস চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত হওয়ার ঘটনায় বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে পাঁচ দিন বন্ধ থাকার পর গতকাল শুক্রবার থেকে আবার টাউন সার্ভিসের বাস চলাচল শুরু হয়েছে। গত বৃহস্পতিবার ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বাস চালুর এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় বাসমালিকদের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর কবর পাকা করে দেওয়া এবং আহত অপর ছাত্রের চিকিৎসায় সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া নিহত ছাত্র সালাহ উদ্দিনের নামে ফেনী সরকারি কলেজ মিলনায়তনের নামকরণ ও মিল্লাতের নামে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের একটি ছাত্রাবাসের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ‘গ্রিন টাউন সার্ভিস’-এর বাসের ফিটনেস, চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাসহ গাড়ি কোন নীতিতে চলবে, তা নির্ধারণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান, পুলিশ সুপার ইমাম হোসেন, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, পৌরসভার মেয়র নূরুল আবসার, সাবেক মেয়র কোব্বাদ আহমেদ, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী, চেম্বার অব কমার্সের সভাপতি জামাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।