ফেনীতে টাউন সার্ভিস বাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গত রোববার সড়ক দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ‘গ্রিন টাউন সার্ভিস’-এর ছয়টি বাসে অগ্নিসংযোগ ও ৩০টি বাস ভাঙচুরের পর থেকে শহরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এদিকে তিন দফা দাবিতে গতকাল বুধবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ফেনী সদর হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরা।রোববারের দুর্ঘটনার পর ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফেনী সদর হাসপাতালে ভাঙচুর ও কয়েকজন চিকিৎসক-কর্মচারীকে মারধর করেন। এর প্রতিবাদে চিকিৎসক-কর্মচারীরা বুকে কালো ব্যাজ ধারণ করে দায়িত্ব পালন করছেন।গতকাল পুলিশি পাহারায় হাসপাতালের কার্যক্রম চলেছে। পুলিশি নিরাপত্তা বজায় রাখাসহ তিন দফা দাবিতে গতকাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন চিকিৎসক-কর্মচারীরা।এদিকে টাউন সার্ভিসের বাস বন্ধ থাকায় নিম্নআয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। টাউন সার্ভিসের বাসে ফেনী সদর হাসপাতাল থেকে মহিপাল যেতে ভাড়া লাগে ছয় টাকা, সেখানে এখন রিকশা ভাড়া গুনতে হচ্ছে ৪০-৫০ টাকা। জেলা প্রশাসকের কার্যালয় থেকে ট্রাংক রোডে যেতে বাস ভাড়া দুই টাকা, কিন্তু এখন রিকশায় ওই পথ যেতে লাগছে ১০ টাকা।বাস মালিক সমিতির সদস্য গোলাম ফারুক মজুমদার বলেন, নিরাপত্তার অভাবে রাস্তায় বাস নামানোর সাহস পাচ্ছেন না মালিকেরা।ফেনীর পুলিশ সুপার মো. ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, টাউন সার্ভিস চালু করার ব্যাপারে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভা আহ্বান করা হয়েছে।