ফেনীতে টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বিভিন্ন পৌরসভা কর্তৃক পৌর টোল আদায়ের নামে যানবাহন থেকে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদ। গত সোমবার সকালে পরিষদ জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খানের কাছে এ ব্যাপারে স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে স্বাক্ষর করেন গোলাম নবী, মনির উদ্দিন সেলিম, মো. হানিফ, আমির হোসেন চৌধুরী, আবদুল বাছেত জাভেদ, এমরান হোসেন প্রমুখ।স্মারকলিপিতে বলা হয়, যানবাহন মালিকেরা কর দিয়েই সড়ক ও জনপথের রাস্তা ব্যবহার করছেন। কিন্তু স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের রাস্তা ব্যবহার না করলেও পৌর টোল আদায়ের নামে তাঁরা হয়রানির শিকার হচ্ছেন। স্মারকলিপিতে দাবি করা হয়, কেবল টার্মিনাল ব্যবহারকারী যানবাহন থেকে টোল আদায় করা যাবে। কিন্তু ঢাকা—চট্টগ্রামের ফেনীর মহিপালে টার্মিনাল ব্যবহার না করলেও পৌর টোল আদায়ের নামে একদল যুবক লাঠি হাতে দাঁড়িয়ে রাস্তায় যানবাহন থেকে জোর করে চাঁদা আদায় করছে। একইভাবে ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড, দাউদপুর, ফেনী সদর হাসপাতালের মোড়েও একই কায়দায় লাঠি হাতে যুবকেরা ভয়ভীতি দেখিয়ে টোলের নামে যানবাহন থেকে চাঁদা আদায় করছে। এ ছাড়া জেলার সোনাগাজী পৌরসভা, পরশুরাম পৌরসভার কোনো টার্মিনাল না থাকা সত্ত্বেও লাঠিধারী যুবকেরা পৌর টোলের নামে অবৈধভাবে যানবাহন থেকে চাঁদা আদায় করছে।ফেনী পৌরসভার মেয়র নূরুল আবসারের কাছে টোল আদায়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। পরশুরাম পৌরসভার মেয়র আবু তালেব প্রতি গাড়ি থেকে ১০ টাকা করে টোল আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান এ ব্যাপারে পুলিশ প্রশাসনসহ পৌর মেয়রকে নিয়ে বৈঠক করে বিষয়টি সুরাহা করার চেষ্টা করবেন বলে জানান।