ফেনীতে ট্রাকসহ ১২ লাখ টাকার চোরাই রড উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়াবাজার থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গত শুক্রবার রাতে ১৮ মেট্রিক টন চোরাই রডসহ একটি ট্রাক উদ্ধার করেছে। এ সময় ট্রাকের চালক ও চোরাই রডের ক্রেতা পালিয়ে যান। উদ্ধার করা রডের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
পুলিশ ও পরিবহন মালিক সূত্র জানায়, ২৬ সেপ্টেম্বর দুপুরের দিকে চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকা থেকে মেসার্স সফল ট্রান্সপোর্ট অ্যান্ড কার্গো সিস্টেম পরিবহনের একটি ট্রাক ১৮ মেট্রিক টন বিভিন্ন ধরনের ২৩৬ বান্ডেল রড বোঝাই করে ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট টিএসকে প্রকল্পের উদ্দেশে রওনা করে। পরদিন শুক্রবার পরিবহন মালিক আশুগঞ্জ খোঁজ নিয়ে জানাতে পারেন, রডবোঝাই ট্রাকটি সেখানে পৌঁছায়নি। তখন চালককে তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু চালকের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
এদিকে গোপন সংবাদের মাধ্যমে ফেনীর গোয়েন্দা পুলিশ জানতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনী সদর উপজেলার লেমুয়াবাজারের ‘ফরহাদ এন্টারপ্রাইজ’ নামক একটি দোকানে ওই নিখোঁজ ট্রাক থেকে রডগুলো নামানো হচ্ছে। গোয়েন্দা পুলিশের সদস্যরা লেমুয়াবাজার যান এবং সেখানে থেকে শুক্রবার রাতে ওই ট্রাক ও রড উদ্ধার করে ফেনী নিয়ে যান। এ সময় ট্রাকের চালক মো. জসিম (৩০) ও দোকানের মালিক শেখ ফরিদ হাজারী (৫০) পালিয়ে যান। এ ঘটনায় চট্টগ্রামের মেসার্স সফল ট্রান্সপোর্ট অ্যান্ড কার্গো সিস্টেম পরিবহনের মালিক মো. হাবিব উল্যা চৌধুরী বাদী হয়ে ট্রাকের চালক মো. জসিম ও লেমুয়াবাজারের ফরহাদ এন্টারপ্রাইজের মালিক শেখ ফরিদ হাজারীর বিরুদ্ধে শুক্রবার রাতেই ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ফেনীর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী রডবোঝাই ট্রাক উদ্ধার এবং থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকের চালক ও ওই দোকানের মালিকের যোগসাজশে এ ঘটনাটি ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। ট্রাকের চালক ও দোকানের মালিক পলাতক রয়েছেন।