ফেনীতে ট্রাকের চাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর
ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর বাজার এলাকায় ঢাকা-চট্টগাম পুরোনো মহাসড়কে গতকাল বুধবার ট্রাকের চাপায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।
নিহত ফারিয়া আক্তার উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রাম শিশু একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মডেল টেস্ট ছিল ফারিয়ার। তার পরীক্ষাকেন্দ্র ছিল উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকালে তার ইংরেজি পরীক্ষা ছিল। বিকেলে ছিল ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা। প্রথম পরীক্ষা শেষে নাশতা করার জন্য চাচার সঙ্গে রাস্তা পার হচ্ছিল ফারিয়া। ছাগলনাইয়া থেকে শুভপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনা থেকে রক্ষা পান তার চাচা। পরে এলাকাবাসী ধাওয়া করে ট্রাকটি আটক করে। তবে ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
ছাগলনাইয়ার ইউএনও কাজী শহিদুল ইসলাম ও ছাগলনাইয়া ওসি মো. রাশেদ খান চৌধুরী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিকেলে ফারিয়ার মরদেহ পশ্চিম মধুগ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ওসি মো. রাশেদ খান চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।