ফেনীতে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে আবদুল খালেক ওরফে বাচ্চু মিয়া (৪০) ও ওসমান গণি (২৮) নামের দুই ব্যক্তি নিহত এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বুধবার রাতে দাগনভূঞা উপজেলার করমল্লাপুর ও রামনগর গ্রামের সংযোগসেতুর ওপর অপরিচিত তিন ব্যক্তিকে দীর্ঘ সময় বসে থাকতে দেখে এলাকাবাসীর ডাকাত বলে সন্দেহ হয়। পরে গ্রামবাসী একত্রিত হয়ে তাঁদের ঘেরাও করার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এলাকাবাসী তাঁদের ধাওয়া করে ধরে ফেলেন। এ সময় তাঁদের কাছে দুটি ছোরা, কলাপসিবল গেট ভাঙার যন্ত্রপাতি পাওয়া যায়। এতে এলাকাবাসী তাঁদের তিনজনকে ডাকাত হিসেবে আখ্যা দিয়ে গণপিটুনি দেন।
খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি নৈশ টহল দল সেখানে উপস্থিত হয়ে তিন ব্যক্তিকে এলাকাবাসীর গণপিটুনির হাত থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। রাতেই তাঁদের তিনজনকে দাগনভূঞা থেকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে ফেনী সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আবদুল খালেক মারা যান। পরে ওসমান গণিও মারা যান।
দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।