ফেনীতে ডাকাতি, ছয় লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার রামপুর এলাকায় এক বাড়িতে গত রোববার রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, রোববার গভীর রাতে রামপুর গ্রামের বায়তুল মোকাররম মসজিদের পাশে বোরহান মিয়ার বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবার হাত-পা ও মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর তারা আলমারি ভেঙে টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক বোরহান মিয়ার ছেলে কামাল হোসেনের দাবি, ডাকাতেরা ঘর থেকে এক লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করেছে। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।ফেনী থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) আবদুল কাদের জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে মামলা করতে বলা হয়েছে। তবে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত এ নিয়ে কোনো মামলা হয়নি। বিজিবির শীতবস্ত্র বিতরণ: জেলার জায়লস্করের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে গতকাল সোমবার এলাকার গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ব্যাটালিয়ন সূত্র জানায়, সোমবার ১৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবদুল কাদিরের নেতৃত্বে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের সীমান্তবর্তী গীতাবাড়ীয়া আশ্রয়ণ কেন্দ্রের শতাধিক শীতার্ত পরিবারকে একটি করে কম্বল দেওয়া হয়েছে।