ফেনীতে ডাকাতি, হামলা ও গণপিটুনিতে আহত ৪
ফেনী পৌরসভা এলাকার মধুপুর গ্রামে গত শনিবার রাতে এক বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় তিনজন এবং গণপিটুনিতে এক ডাকাত আহত হয়। অন্য ডাকাতেরা স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পুলিশ ও গ্রামবাসী জানায়, গ্রামের নুরুল ইসলাম ডাক্তারের বাড়িতে ১৫-২০ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। বাড়ির লোকজন বাধা দিলে তারা নুরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (২৮), আরিফুল ইসলাম (২৪) ও স্ত্রী ছায়েদা বেগমকে পিটিয়ে আহত করে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে এক ডাকাতকে ধরে ফেলে। গণপিটুনিতে সে আহত হয়। পরে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। আটক ডাকাতের নাম সেকান্দর। সে নোয়াখালীর আলী আহম্মদের ছেলে। অন্য ডাকাতেরা দুই ভরি স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন ডাকাতির ঘটনায় এক নারীসহ চারজন আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। আহত জহিরুল এবং ডাকাত সেকান্দরকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।