ফেনীতে ডাকাতি তিন লাখ টাকার মালামাল লুট
ফেনী পৌরসভার পূর্ব মধুপুর খোনারবাড়ীতে গত বুধবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাতে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মধুপুর গ্রামের খোনারবাড়ীর নুর মিয়ার ঘরে ১৫ থেকে ১৬ জনের মুখোশ পরা একদল অস্ত্রধারী ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের কলাপসিবল গেট ও দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের সবাইকে অস্ত্রের মুখে একটি কক্ষে নিয়ে হাত-পা বেঁধে রাখে এবং আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়।গৃহকর্ত্রী রৌশন আরা বেগম দাবি করেন, ডাকাতেরা তাঁদের ঘর থেকে নগদ ২০ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোনসেটসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।ফেনী মডেল থানার উপপরিদর্শক মো. শাহীনুজ্জমান গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতির সত্যতা নিশ্চিত করেন।