ফেনীতে ডাকাতের গুলিতে বাসচালক নিহত
ফেনীতে ডাকাতের গুলিতে আবু তাহের (৫৫) নামের একজন বাসচালক নিহত হয়েছেন। চালকের সহকারী মো. হুমায়ুনের সাহসিকতায় যাত্রীরা ডাকাতের কবল থেকে রক্ষা পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সৌদিয়া পরিবহনের বাসটি ফেনী শহরের জয়নাল হাজারী কলেজের সামনে ডাকাতদের কবলে পড়ে।
ফেনী মডেল থানার পুলিশ জানায়, চট্টগ্রামের একদল ব্যবসায়ী চট্টগ্রাম থেকে এ বাসটি ভাড়া করে ঢাকার বাবুবাজারে যাচ্ছিছলেন।
চালকের সহকারী মো. হুমায়ুনের ভাষ্য, যানজট এড়াতে বাসটি ফেনীর লালপোল এলাকা থেকে শহরের রাস্তার ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় জয়নাল হাজারী কলেজের সামনে ডাকাতরা বাসটিকে থামাতে দুই পাশ থেকে এলোপাতাড়ি ইটপাটকেল ছোড়ে। কিন্তু চালক বাসটি না থামালে ডাকাত দল ১০-১২টি গুলি ছোড়ে। একটি গুলি চালকের পেটে লাগলে তিনি আসন থেকে পড়ে যান। পরে সহকারী হুমায়ুন বাসটি চালিয়ে ফতেহপুর স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশনে নিয়ে যান।
পরে গুলিবিদ্ধ বাসচালক আবু তাহেরকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর কলেজ এলাকার বাসিন্দা সুলতান নুরির ছেলে। পরে ফেনী মডেল থানা পুলিশের সহযোগিতায় ভাড়া করা অন্য একটি গাড়িতে করে ব্যবসায়ী যাত্রীরা ঢাকার উদ্দেশে রওনা হন।
ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, এ ব্যাপারে আইনগত সব ব্যবস্থা নেওয়া হবে।