ফেনীতে ডিজিটাল মেলা শুরু
ফেনীতে গতকাল রোববার থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। শহরের জেল সড়কের পিটিআই মাঠে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল হক, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ফাতেমা আফরোজ, সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে কবির বিন আনোয়ার বলেন, দেশবাসীর সামনে দুটি পথ। এর একটি বেছে নিতে হবে। একটি পথ হলো ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ। অপরটি হচ্ছে কুসংস্কার, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ।
মেলায় সরকারি-বেসরকারি ৪০টি স্টল রয়েছে। মেলা উপলক্ষে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ‘ইউনিয়ন ডিজিটাল সেন্টার’, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম’ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ‘জাতীয় তথ্য বাতায়ন’ বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।