ফেনীতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে ছিনতাই করা তিন যুবককে গত মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে পাঁচটি মুঠোফোনসহ ছিনতাই হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন কাজী হেলাল উদ্দিন ওরফে কালা জাহিদ (৩৮), নিয়াজ মোর্শেদ ওরফে রুমেল (৪০) ও জাহিদুল ইসলাম ওরফে রুবেল (৩২)। তাঁদের বাড়ি ফেনী সদর উপজেলায়।
ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন স্থানে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ) পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিল। গত মঙ্গলবার দুপুরে মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় ডিবি পুলিশ পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি একটি অটোরিকশা থামান। ওই অটোরিকশায় ওমানপ্রবাসীসহ পাঁচজন যাত্রী ছিলেন। তাঁদের কাছে অবৈধ মালামাল রয়েছে বলে ডিবি পরিচয় দেওয়া ব্যক্তিরা দাবি করেন। পরে যাত্রীদের সঙ্গে থাকা মুঠোফোন, টাকাসহ প্রায় দেড় লাখ টাকার জিনিস হাতিয়ে নেন।
এসআই মো. হারুনুর রশিদ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বিষয়টি ফেনী থানা-পুলিশকে জানান। এরপর মঙ্গলবার রাতেই মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জমান বলেন, ছিনতাইয়ের ঘটনায় ওমানপ্রবাসী শহীদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।