ফেনীতে তক্ষকসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গত রোববার তিনটি তক্ষকসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরে এসব তক্ষক সদর উপজেলার কাজিরবাগ বন বিভাগ অফিসসংলগ্ন বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, রোববার সন্ধ্যায় ফেনীর ফতেপুর রেলগেট এলাকায় নিরীহ নিশাচর প্রাণী তক্ষকসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: চট্টগ্রামের ফটিকছড়ির রবিউল হোসেন, মো. জসিম উদ্দিন, শাহ আলম ও শফিকুল ইসলাম। ফেনীর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রাজ্জাক আহম্মদ বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা তিনটি তক্ষক কিনে তা বিক্রির জন্য কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ঝিয়াতলীর একটি বাড়িতে গিয়েছিলেন। প্রতিটি তক্ষক এক লাখ টাকা করে দেওয়ার কথা থাকলেও ক্রেতা হেকিম মিয়া ওজনে কম হওয়ার অজুহাত দেখিয়ে সেগুলো কিনতে রাজি হননি। এ জন্য তাঁরা আবার ফটিকছড়ির উদ্দেশে রওনা হন।