ফেনীতে তিন দিনব্যাপী বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ‘কৈশোর তারুণ্যে বই’ শীর্ষক তিন দিনের বইমেলা গতকাল মঙ্গলবার ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে শুরু হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক তুষার আবদুল্লাহ, কথাসাহিত্যিক স্বকৃত নোমান, ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যাপক রফিক রহমান ভূঁঞা।
সময় টিভির ফেনীর বখতেয়ার ইসলাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক জয়নাল হোসেন, প্রকাশক মিলন কান্তি নাথ, সৈয়দ জাকির হোসেন, মাহরুখ মহিউদ্দিন, ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, আবুল হোসেন, আবুল কালাম আজাদ, ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী তিশা।
প্রথমা প্রকাশনার বইয়ের স্টল থেকে ফেনী পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাজেশ মজুমদার আনিসুল হকের বাগান রহস্য বইটি দেখে কেনার জন্য পছন্দ করে। ওই স্টল থেকে দাগনভূঞা থেকে আসা সাংবাদিক শওকত মাহমুদ তাঁর ছেলে সাজ্জাদ মাহমুদ সাদির জন্য কিনেছেন আনিসুল হকের লেখা ভয়ংকর দ্বীপে বোকা গোয়েন্দা ও যারা ভোর এনেছিল ও মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল। সুরঞ্জিত নাগ কিনেছে আমার বেলা যে যায়। উপাধ্যক্ষ তাহমিনা তোফা সীমার পছন্দ আমি মৃণালিনী নই।
মেলার প্রথম দিন শিক্ষার্থীরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বই দেখে। মেলায় অনেক শিক্ষার্থী তাদের অভিমত ব্যক্ত করে বলে, প্রথমাসহ বিভিন্ন সংস্থার বেশ কিছু বই তাদের পছন্দ হয়েছে। প্রথম দিন বেশ কিছু বই বিক্রিও হয়েছে।
বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো হলো অনন্যা, অনুপম প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ইকরিমিকরি, কাকলী প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, প্রতীক প্রকাশনা সংস্থা, প্রথমা প্রকাশন, বিশ্বসাহিত্য কেন্দ্র, বেঙ্গল পাবলিকেশনস, সময় প্রকাশন ও সংহতি প্রকাশন।
মেলায় ১৩টি প্রকাশনা সংস্থার স্টলে দেশের স্বনামধন্য লেখক ও প্রকাশনীর বই সমৃদ্ধ করেছে। শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত মেলায় জেলা শহর ছাড়াও বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির লোকজনকে বইয়ের স্টলগুলো ঘুরে দেখে নিজেদের পছন্দের বই কিনতে দেখা যায়। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে।