ফেনীতে চারটি ভোজ্য তেলের কারখানায় অভিযান চালিয়ে সাত হাজার লিটার ভেজাল তেল জব্দ করেছে র্যা ব। এ ঘটনায় তিনজনের কারাদণ্ড এবং একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে ওই অভিযান চালানো হয়।
র্যা ব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যা ব শহরের তাকিয়া রোড ও রামপুর এলাকায় চারটি ভোজ্য তেলের কারখানায় অভিযান চালায়। এ সময় চারটি কারখানা থেকে সাত হাজার লিটার ভেজাল সয়াবিন ও সরিষার তেল জব্দ করা হয়। অভিযানে বিভিন্ন নামীদামি ভোজ্য তেল কোম্পানির স্টিকার লাগানো ২০ হাজার খালি বোতল, চার হাজার কার্টন, ১ লাখ ৫ হাজার বিভিন্ন ধরনের নকল লেবেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয় চারজনকে।
পরে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী ও মো. জানে আলম ভ্রাম্যমাণ আদালত গ্রামীণ ফুড প্যাকেজিংয়ের মালিক সুবল ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, রাজমুকুট ফুড প্যাকেজিংয়ের ব্যবস্থাপক মেছবাহ উদ্দিন ও জাহিদ ফুড প্যাকেজিংয়ের কর্মচারী মোহাম্মদ ইমাম হোসেনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং চৌধুরী ট্রেডার্সের স্বত্বাধিকারী মুলকুতের রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
র্যা ব জানায়, তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে এবং জব্দকৃত মালামাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।