ফেনীতে তীব্র গ্যাস-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কিছুদিন ধরে ফেনী শহরের কয়েকটি এলাকায় গ্যাস-সংকট চলছে। এতে রান্নার কাজে তীব্র সমস্যা দেখা দিয়েছে।
স্থানীয় লোকজন জানান, শহরের মাস্টারপাড়া, বাঁশপাড়া, সহদেবপুর, পূর্ব উকিলপাড়া, পশ্চিম উকিলপাড়া, পেট্রোবাংলা এলাকা, সুইমিংপুল এলাকা ও ট্রাংক রোডের পূর্ব পাশে চুলায় গ্যাসের চাপ নেই বললেই চলে। এ ছাড়া ফেনীর ছাগলনাইয়ায়ও গ্যাসের সংকট দেখা দিয়েছে।
সহদেবপুর এলাকার গৃহবধূ কাজল রানী নাথ বলেন, গত বেশ কিছুদিন ধরে সকাল সাতটার পর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চুলায় গ্যাসের কোনো চাপই থাকে না। রাতে যেটুকু গ্যাস পাওয়া যায়, তা দিয়ে রাতের ও দিনের খাবার তৈরি করে নিতে হয়। হঠাৎ কোনো অতিথি এলে রেস্তোরাঁ থেকে খাবার আনতে হয়।
মাস্টারপাড়ার গৃহবধূ সায়মা জাহান বলেন, গ্যাস-সংকটের কারণে সকালে স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের জন্য নাশতা তৈরি করা যায় না।
শহরের ট্রাংক রোডের নবী হোটেলের স্বত্বাধিকারী নূর নবী পাটোয়ারী বলেন, গ্যাসের চাপ কম থাকায় রেস্তোরাঁ চালানোর জন্য বাধ্য হয়ে গ্যাস সিলিন্ডার কিনেছেন। এতে তাঁর খরচ বেড়ে গেছে। অন্য রেস্তোরাঁর সঙ্গে মিল রেখে খাবারের দাম ঠিক রাখতে গিয়ে তাঁকে লোকসান গুনতে হচ্ছে।
সিএনজিচালিত অটোরিকশার চালক আবু আহম্মদ বলেন, গত কয়েক দিন ধরে গ্যাস-সংকটের কারণে ছাগলনাইয়ার একটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। এতে তাঁরা ফেনী শহরের ফিলিং স্টেশনে এসে গ্যাস নিতে বাধ্য হচ্ছেন। এ কারণে তাঁদের সময় নষ্ট হচ্ছে।
বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের ফেনীর ব্যবস্থাপক আজাহারুল ইসলাম জানান, মূল লাইনে গ্যাস কম—এটাই শহরে গ্যাস-সংকটের প্রধান কারণ। যেখানে মূল লাইনে গ্যাসের চাপ থাকার কথা ৯৬০ পিএসআই, সেখানে আছে মাত্র ৩০০ পিএসআই। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।