ফেনীতে থানার গেটের ফলক ভাঙার ঘটনায় চুরির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর মডেল থানার গেটে পুলিশ সুপারের নামসংবলিত ফলক ভেঙে ফেলার ঘটনায় গতকাল বুধবার চুরির মামলা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে থানা গেটের ওই নামফলক ভেঙে ফেলা হয়। ফেনী পৌর কর্তৃপক্ষের নির্দেশে ফলকটি ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল চুরির অভিযোগ করা মামলায় নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০-১১ জনকে। ফেনী সদর মডেল থানার এসআই মো. নজরুল ইসলাম এই মামলা করেন। মামলার এজাহারে নামফলকটি ভেঙে চুরি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
মামলার আসামিরা হলেন লিটন (৪০), মুজিব (৫৪), কার্তিক (৪৫), রঙ্গুলাল (৩৭), আলম (৪৫), নুর ইসলাম মিয়া (৪৫), ফকির মিয়া (৩৫), মো. নুরুজ্জামান (৪০) ও লালু লাল (৩৫)। পুলিশের একটি সূত্র জানায়, ক্লোজড সার্কিট (সিসি) টেলিভিশন ক্যামেরার ফুটেজ দেখে তাঁদের আসামি করা হয়ছে।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।