ফেনীতে দর্জি শ্রমিক ধর্মঘটে কারখানা অচল
ফেনীতে মজুরি বাড়ানোর দাবিতে দর্জি শ্রমিক ইউনিয়নের ডাকে ধর্মঘটে টেইলারিং কারখানাগুলো অচল হয়ে পড়েছে। এতে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে জামা-কাপড় সেলাই করতে না পেরে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। শনিবার থেকে পাঁচ দিন ধর্মঘট চললেও তা অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ ক্ষেত্রে মালিক ও শ্রমিকপক্ষ পরস্পরকে দায়ী করছে। জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সামছুদ্দিন ভূঞা অভিযোগ করেন, প্রতিবছর রমজান মাসে মালিকপক্ষের সঙ্গে বসে চুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের প্যান্ট-শার্টসহ জামা-কাপড় সেলাইয়ের মজুরি নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী চলতি বছরও মালিকপক্ষকে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আগাম নোটিশ দেওয়া হয়। কিন্তু মালিকপক্ষ নানা অজুহাতে কালক্ষেপণ করে এবং নতুন করে চুক্তি না করতে পাঁয়তারা শুরু করে। এ অবস্থায় শ্রমিকেরা বাধ্য হয়ে ধর্মঘট শুরু করেন। ধর্মঘট চলাকালে রোববার সকালে শ্রমিক ইউনিয়নের সভায় যাওয়ার পথে মালিকপক্ষের লোকজন পাঁচজন শ্রমিককে মারধর করে আহত করে। এদিকে ফেনী শহর টেইলারিং ব্যবসায়ী সমিতির এক সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি এ কে এম মাহতাব মুন্না জানান, ১১ জুলাই ফেনী জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দর্জি শ্রমিকদের চুক্তি নবায়নের আট দফা দাবিসংবলিত একটি চিঠি ফেনী শহর টেইলারিং ব্যবসায়ী সমিতির সভাপতি/সম্পাদক বরাবর পাঠানো হয়েছে। ওই চিঠিতে প্রদত্ত দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য টেইলারিং মালিক সমিতির পক্ষ থেকে ২৫ জুলাই বুধবার সকালে মালিক সমিতি অফিসে আলোচনায় বসার জন্য শ্রমিক ইউনিয়ন নেতাদের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু গতকাল বুধবারের বৈঠকের আগেই কিছু দর্জি শ্রমিক ফেনী বাজারের একটি টেইলারিং কারখানা জোর করে বন্ধ করতে গেলে সেখানে কর্মরত শ্রমিকদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এতে শ্রমিক ইউনিয়নের কর্মীরা উল্টো ওই কারখানায় হামলা ও ভাঙচুর করেন। এরপর দর্জি শ্রমিকেরা ধর্মঘট শুরু করেন। এ অবস্থায় টেইলারিং মালিক সমিতি তাদের কারখানাগুলো চালুর পর বৈঠকে বসতে সমঞ্চত রয়েছে বলে জানায়। অপরদিকে দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সামছুদ্দিন ভূঞা জানান, বৈঠকের মাধ্যমে দাবি-দাওয়া নিয়ে চুক্তির পর শ্রমিকেরা কারখানায় যাবেন।