ফেনীতে দিঘি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামে দিঘি দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফেনী থানার পুলিশ জালসহ দুজনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার দুপুরে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী বড় কাজীবাড়ির একটি বিরোধপূর্ণ দিঘিতে একটি পক্ষ লোকজন নিয়ে দখল ও জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় অপর পক্ষের লোকজন তাদের বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে সেলিম সরওয়ার (৪০), নুরুজ্জামান (৫০), শাহ আলম (৪৫), আবুল কালাম (৩৮), নুর নাহার কাজল (৩৫), বেলায়েত হোসেন (৫৫), নুর আহমঞ্চদ (৬০), মো. সেলিম (৪০), রাহেলা বেগম (৬৫), মো. মোস্তফা (৪৫) ও কাজী দেলোয়ার হোসেনকে (৩৬) ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত ব্যক্তিদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ১৮৮ শতক এ দিঘিটির মালিকানা নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা ও বিরোধ চলে আসছিল। এ নিয়ে ইতিপূর্বেও দফায় দফায় পাল্টাপাল্টি দখলের চেষ্টাকে কেন্দ্র করে মারামারি হয়েছে। ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন বেলায়েত হোসেন অভিযোগ করেন, গতকাল দুপুর দুইটার দিকে প্রতিপক্ষের নুরুজ্জামানের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা জাল নিয়ে দিঘি দখল ও মাছ ধরতে যায়। বাধা দেওয়ায় তাঁদের ওপর সন্ত্রাসীরা হামলা করে। অপর দিকে নুরুজ্জামান জানান, দিঘি তাঁদের দখলেই ছিল। তাঁরা মাছ ধরতে গেলে বেলায়েত হোসেনের লোকজন তাঁদের ওপর হামলা করে। ফেনী থানার উপপরিদর্শক নাজিম জানান, দিঘি নিয়ে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।