ফেনীতে দিনদুপুরে কনের গাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক কনের মাইক্রোবাসে হামলা-ডাকাতির ঘটনা ঘটেছে। এতে কনের কিছু স্বর্ণালংকার দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর সতের গ্রামের আবদুর রবের মেয়ে শারমিন আক্তারের বিয়ের দিন ছিল। সকালে কনে সাজাতে পাঠানো হয় ফেনী শহরের শহীদ হোসেন উদ্দিন বিপিণবিতানের ‘রাঙ্গা বিউটি পারলারে’। বেলা দুইটার দিকে কনের সাজ শেষে বিউটি পারলার থেকে আবার নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় শহরের একাডেমি এলাকায় কয়েকজন দুর্বৃত্ত একটি অটোরিকশা ও দুটি মোটরসাইকেল দিয়ে কনের মাইক্রোবাস গতিরোধের চেষ্টা করে৷ দুর্বৃত্তরা মাইক্রোবাসের কাচ ভেঙে ব্যাগে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। মাইক্রোবাসে থাকা ব্যক্তিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে রাঙ্গা বিউটি পারলারের পরিচালক জহুরা বেগম জানান, শারমিন আক্তারকে সাজানোর সময় তাঁর সঙ্গে কিছু স্বর্ণালংকার ছিল। তবে কী পরিমাণ ছিল, তা জানেন না।
কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে পরিবারের সবাই ব্যস্ত থাকায় তাঁদের কারও সঙ্গে কথা বলা যায়নি।
ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ শহরের একাডেমি এলাকায় কনের মাইক্রোবাস অবরোধ ও ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেন।