ফেনীতে দুই যুবকের লাশ উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার সুলতানপুর গ্রাম থেকে গতকাল বুধবার সকালে গলাকাটা অবস্থায় জুটন সরকার (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেপুর তুলাতলী এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) লাশ পাওয়া যায়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জুটন হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নির্মল সরকার (৫০) নামের একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সুলতানপুর গ্রামের লোকজন গতকাল সকালে গ্রামের কবিরাজপুকুরে জুটন সরকারের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। জুটন ওই গ্রামের সরকার বাড়ির তুষার কান্তি সরকারের ছেলে। তুষার কান্তি জানান, জুটন তাঁর সঙ্গে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে অপরিচিত এক যুবক জুটনকে ঘর থেকে ডেকে নেয়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সবাই খোঁজাখুঁজি করে। সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুকুর থেকে তোলার পর ছেলের লাশ শনাক্ত করেন তিনি। পুকুর থেকে কিছু দূরে জুটনের জামাকাপড় পাওয়া যায়।এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মায়নুল আফসার বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে জুটনকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় জুটনের বাবা তুষার কান্তি সরকার পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য নির্মল সরকার নামের একজনকে আটক করা হয়েছে। এদিকে মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার ফতেপুর তুলাতলী নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট। গায়ে কালো গেঞ্জির ওপর সাদা ছাপ।ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ওসি আবদুল কাদের বলেন, ওই যুবকের মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে অন্য কোথাও থেকে ধরে এনে হত্যার পর এখানে লাশ ফেলে গেছে।