ফেনীতে দুই হাজারীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক সাংসদ জয়নাল হাজারীর সমর্থক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিজাম হাজারীর সমর্থকদের মধ্যে গত শুক্রবার রাতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহতাবস্থায় নিজাম হাজারীর সমর্থক সায়েদ হোসেন ওরফে মামুন (৩০) ও জয়নাল হাজারীর সমর্থক আতাউল করিম শাওনকে (২৭) ঢাকায় পাঠানো হয়েছে। সায়েদকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রাতেই জয়নাল হাজারীর সমর্থক জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ওরফে শিমুল (৪৫), শাখাওয়াত হোসেন ওরফে হেলাল (৩৫) ও তাইফুলকে (২০) গ্রেপ্তার করে। ফেনী থানা ও এলাকাবাসী জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সায়েদ ও তাঁর দুই সহযোগী মোটরসাইকেলে করে হাজারী সড়ক দিয়ে মহিপালের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তাঁরা পড়ে যান। তখন মাইক্রোবাসে থাকা দুর্বৃত্তরা সায়েদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সায়েদের দুই সঙ্গী তখন ডাকাত ডাকাত বলে চীৎকার করেন। চীৎকার শুনে আশপাশের লোকজনকে এগিয়ে আসতে দেখে দুর্বৃত্তরা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। কিন্তু আতাউল ধরা পড়েন। সায়েদের দুই সহযোগী ও এলাকাবাসী তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন ও কুপিয়ে আহত করেন। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন সায়েদ ও আতাউলকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। রাতেই তাঁদের দুজনকে ঢাকায় স্থানান্তর করা হয়।ফেনী থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন জানান, হামলার ঘটনায় সায়েদের ছোট ভাই বাবু গতকাল শনিবার গ্রেপ্তার হওয়া তিনজনসহ ১১ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।