ফেনীতে দুটি রেস্তোরাঁ ও ওষুধের তিনটি দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল বুধবার দুটি রেস্তোরাঁ ও ওষুধের তিনটি দোকানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত এবং পচা ও বাসি খাবার বিক্রির অপরাধে শহরের ট্রাংক রোডের সৌদিয়া হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা এবং নবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এসব পচা ও বাসি খাবার জব্দ করে ধ্বংস করা হয়।এ ছাড়া, মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে সংরক্ষণ এবং অধিক দামে খুচরা ওষুধ বিক্রির দায়ে শহরের এম রহমান মেডিকেল হলকে ১০ হাজার টাকা, ঢাকা মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা ও বাংলাদেশ মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (চট্টগ্রাম বিভাগ) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক যুবায়ের আহম্মেদ এই আদালত পরিচালনা করেন। তিনি বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আদালত পরিচালনার সময় জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী হাকিম রাশেদুর রহমান ও জেলা বিপণন কর্মকর্তা মনির আহম্মদ উপস্থিত ছিলেন।