ফেনী সদর ও সোনাগাজী উপজেলার সীমানাসংলগ্ন এলাকা থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। একই এলাকা থেকে গাছের সঙ্গে বাঁধা এবং অচেতন হয়ে পড়ে থাকা অবস্থায় দুই মুমূর্ষু ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ও গতকাল শুক্রবার ভোরে তাঁদের উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, হতাহত ব্যক্তিদের সবাই সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে অথবা দলের কোনো গোপন খবর ফাঁস করে দেওয়ার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। যে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন, সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম (৩৫) (এলাকায় তিনি তাজু ডাকাত নামে পরিচিত) ও মঙ্গলকান্দি গ্রামের বাসিন্দা নুর নবী (৩০)। আহত দুজন হলেন, সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহম্মদ গ্রামের আরিফ হোসেন (২০) ও ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা লিটন (৩০)। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন জসিমের মাধ্যমে তারা জানতে পারে, ওই ইউনিয়নের দৌলতপুর গ্রামে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে কে বা কারা আহত অবস্থায় গাছের সঙ্গে বেঁধে রেখেছে। ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন সেখানে গিয়ে আরিফকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। নাজিম উদ্দিন জানান, আরিফকে উদ্ধার করার পর তাঁরা খবর পান দৌলতপুর ও সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মোহদিয়া গ্রামের মধ্যবর্তী দৌলতপুর খালের পাশে দুজনের লাশ পড়ে আছে। ভোরের দিকে লাশ উদ্ধার করার পর স্থানীয় লোকজনের কাছ থেকে তাঁরা আবার একজন মুমূর্ষু অবস্থায় পড়ে আছে বলে খবর পান। এরপর সেখান থেকে তাঁরা লিটনকে উদ্ধার করেন। ওসি জানান, ভোরেই পুলিশ লাশ দুটি ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহতদের পুলিশি হেফাজতে একই হাসপাতালে চিকি ৎ সা দেওয়া হচ্ছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। হাসপাতালে চিকি ৎ সাধীন আরিফ গতকাল সাংবাদিকদের বলেন, তাঁকে ধলিয়া গ্রামের তোতা মিয়া নামের এক ব্যক্তি বৃহস্পতিবার রাতে ‘কাজ আছে’ বলে বাড়ি থেকে ডেকে মোহদিয়া গ্রামে নিয়ে যান। সেখানে কয়েক ব্যক্তি তাঁকে একটি বাড়িতে আটকে রেখে মারধর করে পরে গাছের সঙ্গে বেঁধে রেখে যায়। তবে কেন তারা তাঁকে মারধর করে, সে বিষয়ে আরিফ কিছু বলতে রাজি হননি।ওসি বলেন, এলাকার লোকজনের সঙ্গে কথা বলে তাঁরা জেনেছেন, চারজনকে মোহদিয়া গ্রামে হতাহত করে দৌলতপুর এলাকায় এনে ফেলে রাখা হয়। এ ঘটনায় সোনাগাজী থানায় একটি মামলা করা হয়েছে। তিনি জানান, আরিফ ও লিটন কিছুটা সুস্থ হয়ে উঠলে তাঁদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন, ডাকাতদলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।