ফেনীতে দুটি হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে একটি হত্যা মামলায় জাহিদ হোসেন ওরফে বাচ্চু নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বুধবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় দেন।
এ ছাড়া আদালত কার্তিক চন্দ্র শীল ও মো. জসিম নামের দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাস করে সশ্রম কারাদণ্ড দেন। আসামি জাহিদ ও জসিম পলাতক।
ফেনীর সহকারী সরকারি কৌঁসুলি দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক বলেন, ২০০২ সালের ৩০ আগস্ট দিবাগত রাতে ফেনী পৌরসভার উত্তর সহদেবপুর এলাকার অধিবাসী আবদুল হককে ছুরিকাঘাত করেন জাহিদ হোসেন। ওই সময় আশপাশের লোকজন জাহিদকে ধরে ফেলেন। তবে জাহিদের দুই সহযোগী কার্তিক চন্দ্র শীল ও মো. জসিম পালিয়ে যেতে সক্ষম হন। আবদুল হককে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ফেনী সদর মডেল থানায় মামলা করেন। একই বছরের ২২ নভেম্বর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আসামি জাহিদ জামিনে মুক্তি পাওয়ার পর পালিয়ে যান।
এদিকে গত মঙ্গলবার ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের বাবা-ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় আবু সাঈদ ওরফে নয়ন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একই আদালত। আদালত এই মামলার অপর ছয় আসামিকে খালাস দিয়েছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৫ সালের ১৪ আগস্ট রাতে ফেনীর মাথিয়ারা কাজী বাড়ির বাসিন্দা কাজী নুর মোহাম্মদ ও তাঁর ছেলে কাজী জামাল উদ্দিনকে বাড়ির অদূরে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাজী নুর মোহাম্মদের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় মামলা করেন। পরে এ ঘটনায় আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। ২০০৬ সালের ২৬ জুলাই মামলার সাত আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আসামি আবু সাঈদ জামিনে মুক্তি পাওয়ার পর পালিয়ে যান।