ফেনীতে দুর্ঘটনায় আহত আরও এক ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরে গত রোববার সড়ক দুর্ঘটনায় আহত আবদুল মান্নান ওরফে মিল্লাত নামের এক ছাত্র গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের ছাত্র। তাঁর বাড়ি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ধোনসাহাদ্দা গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, মান্নানের লাশ দেখার জন্য গতকাল তাঁর বাড়িতে যাওয়ার পথে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী ফেনী-নোয়াখালী সড়কের পাঁচগাছিয়া বাজারের পাশে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেন।মিল্লাতের ওমান-প্রবাসী বাবা কুতুব উদ্দিন দেশে ফেরার পর গতকালই তাঁর লাশ দাফন করা হয়েছে।ফেনী আধুনিক সদর হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসক-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় গতকাল চিকিৎসক-কর্মচারীদের অঘোষিত কর্মবিরতি চলে। এতে ভোগান্তিতে পড়ে রোগীরা।ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এস এম ইব্রাহিম বলেন, চিকিৎসক-কর্মচারীরা কর্মবিরতি পালন করেননি। তবে ভীতি ও আতঙ্কের কারণে কাজে কিছুটা শিথিলতা ছিল।বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে গতকালও টাউন সার্ভিসের বাস বন্ধ ছিল। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। ভুক্তভোগী এক যাত্রী বলেন, বাসে করে সদর হাসপাতাল থেকে মহিপালে যেতে ছয় টাকা লাগে। কিন্তু সোমবার তাঁকে রিকশা ভাড়া ৫০ টাকা গুনতে হয়েছে। উল্লেখ্য, গত রোববার ফেনী শহরে গ্রিন টাউন সার্ভিসের একটি বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী মারাত্মক আহত হন। তাঁদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। একজন মারা যান গতকাল সোমবার।এ ঘটনায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শহরে তাণ্ডব চালান। তাঁরা ছয়টি বাসে অগ্নিসংযোগ এবং কমপক্ষে ৩০টি বাস ভাঙচুর করেন। শিক্ষার্থীরা ফেনী সদর হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসক-কর্মচারীদের ওপর হামলা চালান। তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন।