ফেনীতে দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাঙ্গারতাকিয়া নামক স্থানে গতকাল রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন স্থানীয় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ও অপর দুজন ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা দেড়টার দিকে মহাসড়কের ফেনী বাইপাস অংশের ভাঙ্গারতাকিয়ায় একটি ট্যাংক লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হন। তাঁরা হলেন: ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের তোফাজ্জল হকের ছেলে মো. শাখাওয়াত হোসেন (২৭), আবদুল কুদ্দুছের ছেলে আবদুল্লাহ আল মাসুদ (২৬) ও আবুল কাশেমের ছেলে আবদুল্লাহ আল মামুন (২৫)। তাঁরা তিনজনই একটি মোটরসাইকেলে আরোহী ছিলেন।নিহত ব্যক্তিদের মধ্যে শাখাওয়াত হোসেন ও আবদুল্লাহ আল মাসুদ স্থানীয় ছাত্রলীগের কর্মী এবং আবদুল্লাহ আল মামুন ফাজিলপুর ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি।ফেনীর হাইওয়ে থানা পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় ট্যাংক লরিটিও আটক করা হয়। তবে এর চালক পালিয়ে গেছেন।