ফেনীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনে পুড়ে যাওয়া পশ্চিম বিজয়সিংহ উচ্চবিদ্যালয়। ছবি: আবু তাহের, ফেনী
আগুনে পুড়ে যাওয়া পশ্চিম বিজয়সিংহ উচ্চবিদ্যালয়। ছবি: আবু তাহের, ফেনী

ফেনীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মাধ্যমিক বিদ্যালয় পুরোপুরি পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয়সিংহ উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
সকালে ফেনী জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান, জেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষকনেতারা পুড়ে যাওয়া বিদ্যালয়টি পরিদর্শন করেন।
এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত একটার দিকে বিদ্যালয়টিতে আগুন দেয় দুর্বৃত্তরা। টের পেয়ে রাত দেড়টার দিকে বিদ্যালয়ের পাশের ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে এর মধ্যে বিদ্যালয় ভবন পুরোপুরি পুড়ে যায়।
বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীরা জানায়,  ২৬ এপ্রিল বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা।

আগুনে পুড়ে যাওয়া বিদ্যালয় পরিদর্শন করেন ফেনী জেলা প্রশাসক। ছবি: আবু তাহের, ফেনী
আগুনে পুড়ে যাওয়া বিদ্যালয় পরিদর্শন করেন ফেনী জেলা প্রশাসক। ছবি: আবু তাহের, ফেনী


প্রধান শিক্ষক বেলাল হোসেনের ভাষ্য, বিদ্যালয়ে বর্তমানে ৪০০ জন শিক্ষার্থী রয়েছে। আগুনে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, অফিস কক্ষ, কম্পিউটারসহ সবকিছু পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল গোফরান জানান, এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা। বিদ্যালয়ের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার আগুনে ভস্মীভূত বিদ্যালয়টি পরিদর্শন করে পাশের প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতা নিয়ে শ্রেণী কার্যক্রম চালানোর অনুরোধ জানান।
পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, দুর্বৃত্তরা বিদ্যালয়ে আগুন দিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।