ফেনীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে ৬ দোকান
ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।
ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ইসলামী ব্যাংকের পশ্চিম পাশের একটি জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জায়গায় ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা এসব ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে। এতে ফেনী এন্টারপ্রাইজ, নুরুল আমিন বেডিং স্টোর, ফেনী সাইকেল মার্ট, চৌধুরী সানঘর ও স্টার সাইকেল মার্টে থাকা টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রসঙ্গত, এর আগেও ওই দোকানগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, এটি দুর্বৃত্তদের কাজ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।