ফেনীতে দুর্বৃত্তদের নির্যাতনে আহত ছাত্রের মৃত্যু
দুর্বৃত্তদের নির্যাতনের ১৬ দিন পর গত সোমবার ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জোনায়েদ হোসেনের (২০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে সাইফুল ইসলাম নামের ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার তবলছড়ি বংপাড়ার ধন মিয়ার ছেলে জোনায়েদ হোসেন ও একই গ্রামের ইসমাইল হোসেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁরা দুজনই ঘনিষ্ঠ বন্ধু ও একই মেসে থাকতেন। পরে ইসমাইলের সঙ্গে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাসুমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ইসমাইলের কাছ থেকে মাসুম কিছু টাকা ধারও নেন। ইসমাইল গত ২২ জুলাই জোনায়েদকে সঙ্গে নিয়ে মাসুমের মেসে গিয়ে তাঁর পাওনা টাকা চান। মাসুম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা দুজন চলে আসেন। পরে টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কম্পিউটার ইনস্টিটিউটের ছাত্র মাসুমের বন্ধু ফুলগাজীর অধিবাসী মো. কুদ্দুস ও সোনাগাজীর চর দরবেশের সাইফুল ইসলাম তাঁদের (ইসমাইল ও জোনায়েদ) ওপর ক্ষিপ্ত হন। সাইফুল ও কুদ্দুসের নেতৃত্বে সাত-আটজন যুবক জোনায়েদকে একা পেয়ে তাঁর মেস থেকে ধরে স্থানীয় ‘নানার মেস’ খ্যাত একটি মেসে নিয়ে যান। সেখানে তাঁরা জোনায়েদকে সকাল থেকে বিকেল পর্যন্ত লোহার রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেন। পরে তাঁকে পাশের একটি নর্দমায় ফেলে দেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে। খবর পেয়ে জোনায়েদের বড় ভাই আবু তাহের তাঁর অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করেন। পরে তাঁকে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ দিন পর সোমবার সেখানে তিনি মারা যান। গত মঙ্গলবার খাগড়াছড়ির মাটিরাঙ্গার বড়বিল মুসলিমখানা গ্রামে তাঁর লাশ দাফন করা হয়। ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুজ্জামান বলেন, এ ঘটনায় জোনায়েদের ভাই আবু তাহের বাদী হয়ে একটি মামলা করেন। এজাহারভুক্ত আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে।