ফেনীতে দোকানে ডাকাতি
ফেনী শহরের দাউদপুর পুলের পাশে ট্রাকস্ট্যান্ডে গাড়ির যন্ত্রাংশের একটি দোকানে গত রোববার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা দোকানের তালা ভেঙে মালামাল লুট করে ট্রাকে তুলে নিয়ে যায়।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকায় ডাকাতি হওয়া মালামালসহ ট্রাকটি আটক করেছে হাইওয়ে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়৷
পুলিশ সূত্র জানায়, রোববার দিবাগত রাত একটার পর ডাকাতেরা নৈশপ্রহরীকে আটকে হাজি সিরাজ মোটরস নামের একটি দোকানের তালা ভেঙে মূল্যবান যন্ত্রাংশ লুট করে ট্রাকে তুলে নিয়ে যায়। ফেনী থানার পুলিশ ট্রাকটি আটকের জন্য রাতেই বিভিন্ন স্থানে বেতারবার্তা পাঠায়।
পুলিশ জানায়, গতকাল সোমবার সকালে গজারিয়া থানা এলাকায় হাইওয়ে পুলিশ ডাকাতির মালামালসহ ট্রাক ও দুই ডাকাতকে আটক করে। আটক ডাকাতেরা হলো মো. রহিম ওরফে রতন ও মোবারক হোসেন।
দোকানের মালিক সিরাজ মিয়া জানান, এ ঘটনায় তিনি ফেনী মডেল থানায় মামলা করেছেন।
ফেনীর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের এবং ট্রাকসহ মালামাল উদ্ধার ও দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।