ফেনীতে দেড় লাখ টাকা জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ভ্রাম্যমাণ আদালত তিনটি হোটেলকে এক লাখ ৪০ হাজার টাকা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ গাড়ি পার্কিংয়ের দায়ে গাড়িচালক ও দোকানমালিককে নয় হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর আহম্মদ গতকাল শনিবার দুপুরে শহরের বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলের নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি খাবার পরিবেশনের দায়ে হক রেস্টুরেন্টের মালিক সামছুল হককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া একই অভিযোগে ফেনী রেলস্টেশনসংলগ্ন মেহমান হোটেলকে ২০ হাজার টাকা ও সূচনা হোটেলের মালিক থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ গাড়ি পার্কিংয়ের দায়ে কয়েকটি গাড়ির চালক ও দোকানমালিককে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণপদ বণিক, ফেনী মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। মনসুর আহম্মদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের এক লাখ ৪৯ হাজার টাকা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।