ফেনীতে দেড় হাজার পাখি উদ্ধার, পরে অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধার করা বিভিন্ন প্রজাতির পাখি l ছবি: প্রথম আলো
উদ্ধার করা বিভিন্ন প্রজাতির পাখি l ছবি: প্রথম আলো

ফেনীতে গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার বন্য পাখি উদ্ধার করেছে র্যা ব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যা ব-৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে অভিযান সম্পর্কে বিস্তারিত জানান।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বুধবার গভীর রাতে বন বিভাগের বন্য প্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের সহযোগিতায় র্যাব সদস্যরা ফেনীর সার্কিট হাউস এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় বিভিন্ন প্রজাতির ১ হাজার ৪৫১টি পাখি উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. রুহুল আমিন শেখ (৩২), রনি তালুকদার (৩০) ও মো. আতিয়ার রহমান (৪৫) নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বাড়ি বাগেরহাট, মাদারীপুর ও যশোরে। তাঁরা পাখির ব্যবসা করেন।
র্যা ব সূত্র জানায়, অভিযানে ২৪টি তোতা, ১ হাজার ৫০টি ময়না-টিয়া, ৩০২টি মুনিয়া ও ৭৫টি শালিক উদ্ধার করা হয়। দুপুরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করা হয়।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, কিছু অসাধু পাখিশিকারি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পাহাড় এবং আশপাশের এলাকা থেকে অবৈধভাবে পাখি ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে।
এ ঘটনায় বন বিভাগের বন্য প্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক ফেনী সদর মডেল থানায় মামলা করেছেন। গ্রেপ্তার তিন ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।