ফেনীতে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফেনীতে বিয়ের প্রলোভনে এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক নিলুফা সুলতানা গতকাল বুধবার এই রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত তৌহিদুল আলম ওরফে সোহেল মামলার পর থেকে পলাতক।
ফেনী জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি ফরিদ আহম্মদ হাজারী বলেন, তৌহিদুল আলম ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করেন। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ২০০৭ সালের ২০ আগস্ট ওই ছাত্রী একটি ছেলেসন্তান প্রসব করে। ওই সময় তৌহিদুল শিশুটিকে লুকিয়ে ফেলার চেষ্টা করেন। সন্তান প্রসবের দুই দিন পর ওই ছাত্রী তৌহিদুল এবং তাঁর দুই ভাই ও এক বোনকে আসামি করে থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ফেনী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল ২০০৭ সালের ১০ ডিসেম্বর চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
তৌহিদুলের বাড়ি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে।