ফেনীতে নারকেল তেল চুরির সময় লরিসহ আটক ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মোহাম্মদ আলী বাজার এলাকায় গতকাল বুধবার নয় হাজার লিটার নারকেল তেলসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বিদেশ থেকে আমদানি করা এই তেল ট্যাঙ্কলরি করে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল। এই তেলের দাম প্রায় ১৬ লাখ টাকা।পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী নারকেল তেলবাহী লরি ফেনীর কাছে মোহাম্মদ আলী বাজার এলাকায় মিডওয়ে ফিলিং স্টেশনে ঢোকে। সেখানে আগে থেকে অবস্থান করা তিন-চার ব্যক্তি লরি থেকে তেল নামাতে শুরু করেন। ঘটনা দেখে ফেনী থানা পুলিশের টহল দলের সন্দেহ হয়। এ সময় উপপরিদর্শক (এসআই) মো. হারুন ফিলিং স্টেশনের দিকে এগিয়ে গেলে তাঁরা পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করে। তাঁরা হলেন, পার্শ্ববর্তী কুমিল্লার চৌদ্দগ্রামের কাইচ্চুডি গ্রামের মো. সেলিম (৪২), ফরিদপুরের কোতোয়ালি থানার আলমগীর (৩৫) ও নোয়াখালীর বেগমগঞ্জের মো. শাহীন (৩০)। পুলিশ নয় হাজার লিটার তেলসহ লরিটি থানায় আনে।