ফেনীতে নিজবাসা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ফেনী পৌর এলাকায় নিজবাসা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. আবু তাহের (৬৫)। গতকাল সোমবার সকালে পাগলামিয়া সড়কের ভূঞা মনজিলের নিজবাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল রাত আটটা পর্যন্ত কোনো মামলা হয়নি।
পুলিশ জানায়, গত রোববার রাতের কোনো একসময় তাঁকে নিজবাসায় দুর্বৃত্তরা মাথায় আঘাত ও শ্বাস রোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
আবু তাহেরের পৈতৃক বাড়ি দাগনভূঞা উপজেলার গজারিয়া এলাকায়। কয়েক বছর আগে তিনি ফেনী পৌরসভার পাগলামিয়া সড়কে জমি কিনে একটি দোতলা বাড়ি নির্মাণ করেন। বাড়ির নিচতলায় একটি বেকারি এবং দোতলায় তিনি একা থাকতেন। দোতলার একটি কক্ষ থেকেই লাশ উদ্ধার করা হয়।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী প্রথম আলোকে বলেন, সোমবার সকালে তাঁর ছেলে আবু তৈয়ব ফেনী থানা-পুলিশকে বাবার মৃত্যুর খবর জানায়। খবর পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ছেলে আবু তৈয়ব কীভাবে বাবার মৃত্যু সংবাদ জেনেছে তা যাচাইয়ের জন্য তাঁকে ফেনী থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা বলেন, দুপুরে ময়নাতদন্ত শেষে পুলিশের উপস্থিতিতে লাশ আত্মীয়-স্বজনেরা বুঝে নিয়েছেন।