ফেনীতে নির্বাচনোত্তর সহিংসতার অভিযোগ কাল্পনিক: ভিপি জয়নাল
ফেনীতে ২০০১ সালে নির্বাচনোত্তর সহিংসতার অভিযোগ ‘উদ্দেশ্যমূলক’ ও ‘কাল্পনিক’ বলে দাবি করেছেন ফেনী-২ আসনের সাংসদ জয়নাল আবদীন (ভিপি জয়নাল)। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।গতকাল শনিবার ফেনীতে এক সংবাদ ব্রিফিংয়ে ভিপি জয়নাল এই দাবি করেন। বিএনপির এই সাংসদ বলেন, ২০০১ সালে ফেনীতে তাঁর এলাকায় নির্বাচনোত্তর কোনো সহিংসতা ঘটেনি। তাঁর বিরুদ্ধেও সহিংসতার কোনো অভিযোগ ছিল না। এমনকি স্থানীয় আওয়ামী লীগও কখনো এমন অভিযোগ করেনি। তাঁর দাবি, ২০০১ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর তিনি ফেনীতে রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করেন। ‘সন্ত্রাসের জনপদের’ অপবাদ ঘুচিয়ে ফেনীকে শান্তির জনপদে পরিণত করেছেন। ২০০১ সাল-পরবর্তী সহিংস ঘটনায় বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের ২৫ জন মন্ত্রী-সাংসদসহ ২৬ হাজার ৩৫২ জনকে অভিযুক্ত করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। কমিশনের এই প্রতিবেদনের সারসংক্ষেপ গত বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাতে ফেনীর বিএনপির সাংসদ জয়নাল আবদীনের নামও রয়েছে। ভিপি জয়নাল বলেন, বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাঁর বিরুদ্ধে আনা ভিত্তিহীন অভিযোগটি স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যাহার করে নেবেন বলে তিনি আশা করছেন।