ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে নির্মাণাধীন একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫০) নামের একজন নির্মাণশ্রমিক মারা গেছেন। তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হাওলারডাঙ্গা গ্রামে।এ ঘটনায় নিহত দেলোয়ারের ছেলে মো. হারুন ফেনী মডেল থানায় একটি মামলা করেছেন।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন তিন বছর ধরে শহীদুল্লাহ নামে একজন ঠিকাদারের অধীনে কাজ করে আসছিলেন। ছয়-সাত মাস ধরে ঠিকাদার শহীদুল্লাহ ফেনী পৌরসভার রামপুর তাকিয়াবাড়ির খন্দকার নজরুল ইসলামের প্রবাসী ভগ্নিপতি মাহবুবুল ইসলামের একটি বহুতল ভবন নির্মাণের কাজ করছেন। দেলোয়ার প্রতিদিনের মতো গতকাল সোমবার সকালেও ওই ভবনে কাজ করতে যান। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি তৃতীয় তলার কার্নিশ থেকে নিচে পড়ে যান। দেলোয়ারকে দ্রুত ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ময়নাতদন্তের পর দেলোয়ারের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, মামলার আসামি খন্দকার নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।