ফেনীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি পালন
‘গণছাঁটাইয়ের’ প্রতিবাদে গতকাল মঙ্গলবার ফেনীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন।
সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচি চলাকালে পল্লী বিদ্যুৎ কর্মচারী ঐক্য পরিষদের নেতারা ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের (জিএম) কাছে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেন।
ফেনী পল্লী বিদ্যুৎ কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রহমান বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সারা দেশে প্রায় ১৫ হাজার মিটার রিডার ও ম্যাসেঞ্জারকে ছাঁটাই শুরু করেছে। এতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা ফেনীর মহিপাল এলাকায় ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে অবস্থান করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ।
কর্মসূচিতে বক্তারা বলেন, গণছাঁটাই বন্ধ, চাকরি স্থায়ীকরণ, ছাঁটাই করা কর্মচারীদের পুনর্নিয়োগসহ পাঁচ দফা না মানা পর্যন্ত আন্দোলন চলবে।