ফেনীতে পাঁচ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
ফেনীর দাগনভূঞা উপজেলায় পাঁচ কোটি টাকা মূল্যের হুইস্কি, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, গত সোমবার দুপুরে উপজেলার জায়লস্করে ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদর দপ্তরে মাদকদ্রব্য বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কে এ নাসের। বক্তব্য দেন ব্যাটালিয়নের বিদায়ী অধিনায়ক লে. কর্নেল গাজী মো. সালাহ উদ্দিন, ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী অঞ্চলের সহকারী পরিচালক রাশেদুজ্জমান প্রমুখ। সভা শেষে ফেনী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিনের উপস্থিতিতে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করা হয়।২০১০ সালের আগস্ট থেকে ২০১১ সালের জুন পর্যন্ত বিজিবির সদস্যরা চোরাচালানির মাধ্যমে দেশে আসা এসব অবৈধ মাদকদ্রব্য আটক করেন।