ফেনীতে পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও ইফতারসামগ্রী তৈরি, মূল্যতালিকা না টাঙানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে ফেনী শহরের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের কালিপাল এলাকার মিষ্টি তৈরির কারখানা রসমেলাতে অভিযান চালিয়ে ফ্রিজের মধ্যে পচা রসমালাই পাওয়া যায়। এ ছাড়া দোকানের মিষ্টির মধ্যে মাছি, পিঁপড়া ও ময়লা পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী তৈরির অপরাধে ফাইভ স্টার চায়নিজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ফেনী হকার্স মার্কেটসংলগ্ন কাঁচাবাজারে মূল্যতালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ী মো. সেলিমকে ১০ হাজার টাকা ও রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া দাউদপুর খাজা আহম্মদ মার্কেটের আড়তে পণ্যের দাম নিয়ে কারসাজি ও মূল্যতালিকা না থাকায় বেলায়েত হোসেন নামের একজন আড়তদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।