ফেনীতে পাঁচটি ভোটকেন্দ্রে আগুন, ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞায় নির্বাচনী কেন্দ্র গজারিয়া আদর্শ একাডেমি ভবন দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে।  ছবি : আবু তাহের।
ফেনীর দাগনভূঞায় নির্বাচনী কেন্দ্র গজারিয়া আদর্শ একাডেমি ভবন দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে। ছবি : আবু তাহের।

ফেনীতে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহূত হওয়ার কথা—এমন পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের আসবাব সম্পূর্ণ পুড়ে গেছে এবং তিনটির আসবাব আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফেনীর দাগনভূঞা উপজেলার এ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো জায়লস্কর ইউনিয়নের ওমরপুর সুলতানা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয় ও পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া আদর্শ একাডেমি (কিন্ডারগার্টেন), পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বসিরিয়া মাদ্রাসা এবং মাতুভূঞা ইউনিয়নের করিম উল্যা উচ্চবিদ্যালয়।
আগুনে প্রথম দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের আসবাবসহ সম্পূর্ণ পুড়ে গেছে। বাকি তিনটির দরজা-জানালা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, তিনি দাগনভূঞায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের আগুন দেওয়ার কথা শুনেছেন। তিনি জানান, উপজেলা নির্বাহী কর্তকর্তা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। পরিদর্শন শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।