ফেনীতে পাটকলে আগুন ২০ কোটি টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর চাড়িপুর বিসিক শিল্প নগরের কোয়ালিটি জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। কারখানা কর্তৃপক্ষ এ দাবি করেছে।অগ্নিকাণ্ডের ২৮ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসায় গতকাল বুধবার সকাল আটটায় ফায়ার সার্ভিসের কর্মীদের প্রত্যাহার করা হয়েছে।গত মঙ্গলবার ভোরে ওই কারখানায় আগুন লাগে। ফেনী ও নোয়াখালীর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কারখানার মহাব্যবস্থাপক (জিএম) এস এম ইকবাল বলেন, ভোর চারটা ১০ মিনিটে কারখানার একটি বৈদ্যুতিক মোটর চালু করার সঙ্গে সঙ্গে স্ফুলিঙ্গ হয়। এ কারণে আগুনের সূত্রপাত হয়। তখন কারখানায় এক পালার সাড়ে তিন শ শ্রমিক কর্মরত ছিলেন। প্রথমে শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তেই আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। ঘটনাটি ফেনী ফায়ার সার্ভিসকে দ্রুত জানানো হয়। ভোর থেকে ফেনী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, সোনাগাজী, ছাগলনাইয়া, নোয়াখালীর চৌমুহনী ও কোম্পানীগঞ্জের একটি করে মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এস এম ইকবাল বলেন, কারখানাটি শতভাগ রপ্তানিমুখী। সেখানে পাট থেকে সুতা তৈরি হয়। ওই সুতা রাশিয়া, চীন, তুরস্ক ও ইরানে রপ্তানি করা হয়। গত অর্থবছরে পাঁচ হাজার ৯০০ মেট্রিক টন এবং চলতি জুলাই মাসে ৫৫০ মেট্রিক টন সুতা রপ্তানি করা হয়েছে এবং রপ্তানির জন্য আরও ৬৯৩ মেট্রিক টন সুতা কারখানার গুদামে মজুত ছিল। তিনি বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফেনী ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার জাহাঙ্গীর আলম বলেন, ২৮ ঘণ্টা পর আগুন পুরোপুরি নেভানোর পর অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। তিনি জানান, অগ্নিনির্বাপণের সময় ফায়ার সার্ভিসের কর্মী মোখলেছুর রহমান, আবুল কাশেম ও আবদুল মজিদ এবং শ্রমিক সালাউদ্দিন ও জয়সহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।