ফেনীতে পিকেটারদের ইটের আঘাতে ট্রাকচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে হরতাল সমর্থনকারী পিকেটারদের ইটের আঘাতে আহত নুর মোহাম্মদ (৩৪) নামের এক ট্রাকচালক গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রোববার রাতে ফেনীর দাগনভূঞা উপজেলায় ফেনী-নোয়াখালী সড়কে পিকেটারদের ইটের আঘাতে তিনি গুরুতর আহত হন। তাঁর বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার মশাং গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাত তিনটার দিকে দাগনভূঞার আজিজ ফাজিলপুর মোক্তারবাড়ির দরজা এলাকায় বিএনপির সমর্থক পিকেটাররা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টির চেষ্টা করেন। এ সময় চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী একটি মালবোঝাই ট্রাক সেখানে এসে পৌঁছালে পিকেটাররা এটি ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে ট্রাকের সামনের কাচ ভেঙে চালক নুর মোহাম্মদ মাথায় গুরুতর আঘাত পান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।